টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিলের অস্ত্রোপচারের প্রস্তুতির সময় ইনজেকশন প্রয়োগের পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন নিহত শিশুর পরিবারের সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় চাদনীকে। সে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া প্রয়োজন। তবে রাত ৯টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, ১৩ হাজার টাকার বিনিময়ে টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার অল্প সময় পরই হাসপাতাল থেকে জানানো হয় শিশুটিকে অন্যত্র স্থানান্তর করতে হবে। পরে তারা জানতে পারেন, চাদনী আর বেঁচে নেই। তাদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে সেখান থেকে চলে যায়। পরে ক্ষুব্ধ জনতা হাসপাতালের কয়েকটি জানালার কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করে।
এ বিষয়ে আল মদিনা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।