চলমান তীব্র তাপপ্রবাহে এইচএসসি পরীক্ষার্থীদের কষ্ট লাঘব ও সুস্থভাবে পরীক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ীতে মানবিক উদ্যোগ নিয়েছে ধনবাড়ী উপজেলা ছাত্রদল। পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কোর্ট ফাইল ও কলম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও তাপজনিত ঝুঁকি মোকাবিলার সামগ্রী তুলে দেন। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য, অতিরিক্ত গরমের কারণে পরীক্ষার্থীদের শারীরিক অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খান বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীরা যেন সুস্থ থেকে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদের মতে, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সহযোগিতা শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করে এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
স্থানীয় সচেতন নাগরিকরাও এ কর্মসূচির প্রশংসা করে বলেন, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যদি নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে, তাহলে সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।